কুমিল্লায় কুপিয়ে ইউপি মেম্বারকে হত্যা

আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:২৯
কুমিল্লায় অটোবাইক চালক ও যাত্রীদের মধ্যে মারামারি থামাতে গেলে আবদুল মান্নান নামে এক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
 
শুক্রবার জেলার আদর্শ সদর উপজেলার ৬নং দক্ষিণ দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান ওই ইউপির মেম্বার ছিলেন এবং ইউনয়নের মদিনগর গ্রামের মৃত আরিফ আলীর ছেলে। 
 
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, রাজাপুর এলাকায় শুক্রবার দুপুর ২টার দিকে অটোবাইক ভাড়া করা নিয়ে চালক (মালিক) ও চার যাত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে স্থানীয় ইউপি মেম্বার আবদুল মান্নান (৬৫) মারামারির ঘটনা থামাতে গেলে তাকে কুপিয়ে আহত করা হয়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও সন্ধ্যায় আশংকাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।