তুরস্কে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস

আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২১:১১
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তুরস্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম  জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। 
 
আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাস সপ্তাহ ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এ প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার’ এবং ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’। প্রতিযোগিতায় আঙ্কারাস্থ ব্রিটিশ দূতাবাস স্কুল এবং ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুলের প্রায় ২০৬ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ব্রিটিশ দূতাবাস স্কুল এর ২৪ জন এবং ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুলের ১৮ জন ছাত্র-ছাত্রীকে বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়। ২০ মার্চ ব্রিটিশ দুতাবাস স্কুলে এবং ২৪ মার্চ ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুলে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী স্মারক ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করেন। 
 
রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন ঘটনা ও বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ এবং অবদানকে তুলে ধরেন। বিভিন্ন দেশের শিশুদের অংশগ্রহণে এ ধরনের অনুষ্ঠান একদিকে যেমন তাদের অন্য দেশ ও জাতি সম্পর্কে জানতে সহায়তা করে তেমনি ভিন্ন সমাজ ও সংস্কৃতি সহিষ্ণু হিসেবে গড়ে তুলতেও সাহায্য করে বলে রাষ্ট্রদূত তার বক্তব্য উল্লেখ করেন। 
 
এছাড়া ১৭ মার্চ দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বিশেষ মোনাজাত এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ এ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ এর আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করা  হয়।