স্পোর্টস রিপোর্টার
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শুরু থেকেই সমান তালে এগুচ্ছিল আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতকাল অষ্টম রাউন্ডের প্রথম দিনে মাঠে নেমেছিল আবাহনী ও রূপগঞ্জ। বলা বাহুল্য, জয়ের ধারাবাহিকতাও ধরে রেখেছে ক্লাব দুটি। আট ম্যাচের সাতটিতে জিতে সুপার লিগে খেলা নিশ্চিত করে ফেলেছে আবাহনী ও রূপগঞ্জ।
গতকাল বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৩২ রানে পরাজিত করেছে আবাহনী লিমিটেড। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপির বিরুদ্ধে পাঁচ উইকেটের অনায়াস জয় নিয়ে মাঠ ছেড়েছে রূপগঞ্জ।
বিকেএসপিতে আগে ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় আবাহনী। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন। সাব্বির ৪৯, মিরাজ ৪৭, জহুরুল ২৫, মুনিম শাহরিয়ার ১৬, সানজামুল ১৩, সৌম্য ১২, মোসাদ্দেক ১১ রান করেন। খেলাঘরের পক্ষে পেসার রবিউল হক ৬৪ রানে পাঁচটি, ইরফান হোসেন তিনটি উইকেট পান।
জবাবে আবাহনীর স্পিনারদের বোলিং তোপে ৩২.৫ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় খেলাঘরের ইনিংস। মোসাদ্দেক ইফতেখার ৩৬, শাহরিয়ার কোমল ৩২, মাহিদুল ২২, নাজিমউদ্দিন ১০ রান করেন। আবাহনীর সানজামুল চারটি, নাজমুল অপু, মিরাজ দুটি করে উইকেট নেন। আবাহনীর শান্ত ম্যাচ সেরা হন।
ফতুল্লায় প্রথমে ব্যাট করা বিকেএসপি নয় উইকেটে ১৮১ রানের স্কোর গড়ে। শামীম হোসেন ৫২, প্রান্তিক নওরোজ ৩৮, ফাহাদ আহমেদ ২০, সাদমান রহমান ১৫, আমিনুল ১৩, আব্দুল কাইয়ুম ১১, সুমন খান ১০ রান করেন। রূপগঞ্জের পক্ষে রিশি ধাওয়ান পাঁচটি, মুক্তার আলী দুটি করে উইকেট পান।
মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে ৪৫ ওভারে পাঁচ উইকেটে ১৮২ রান তুলে ম্যাচ জিতে নেয় রূপগঞ্জ। নার্ভাস নাইনটিজের শিকার হওয়া মুমিনুল ৯৩ রান করেন। এছাড়া নাঈম ইসলাম ৩১, মেহেদী মারুফ ২৭, শাহরিয়ার নাফিস অপরাজিত ১২, রিশি ধাওয়ান অপরাজিত ২ রান করেন। বিকেএসপির আব্দুল কাইয়ুম ও সুমন খান দুটি করে উইকেট নেন। রূপগঞ্জের ভারতীয় অলরাউন্ডার রিশি ধাওয়ান ম্যাচ সেরার পুরস্কার জিতেন।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
আবাহনী: ৪৮.৪ ওভারে ২৬২ (শান্ত ৬০, সাব্বির ৪৯, মিরাজ ৪৭, জহুরুল ২৫, মুনিম শাহরিয়ার ১৬, সানজামুল ১৩, সৌম্য ১২, মোসাদ্দেক ১১; রবিউল হক ৫/৬৪, ইরফান হোসেন ৩/৪২, রবিউল ইসলাম রবি ১/২৮, মাসুম খান ১/৩৯)
খেলাঘর: ৩২.৫ ওভারে ১৩০ (মোসাদ্দেক ইফতেখার ৩৬, শাহরিয়ার কোমল ৩২, মাহিদুল ২২, নাজিমউদ্দিন ১০; সানজামুল ৪/৩৬, নাজমুল অপু ২/১৪, মিরাজ ২/১৮, মোসাদ্দেক ১/৯, আরিফুল হাসান ১/১৭)
ফলাফল: আবাহনী ১৩২ রানে জয়ী
বিকেএসপি-লিজেন্ডস অব রূপগঞ্জ
বিকেএসপি: ৫০ ওভারে ১৮১/৯ (শামীম হোসেন ৫২, প্রান্তিক নওরোজ ৩৮, ফাহাদ আহমেদ ২০, সাদমান রহমান ১৫, আমিনুল ১৩, আব্দুল কাইয়ুম ১১, সুমন খান ১০; রিশি ধাওয়ান ৫/৫১, মুক্তার আলী ২/২৯, শহীদ ১/৩০)
রূপগঞ্জ: ৪৫ ওভারে ১৮২/৫ (মুমিনুল ৯৩, নাঈম ইসলাম ৩১, মেহেদী মারুফ ২৭, শাহরিয়ার নাফিস ১২*, রিশি ধাওয়ান ২*; আব্দুল কাইয়ুম ২/২৮, সুমন খান ২/৩২, তানজিম ১/৩৩)
ফলাফল: রূপগঞ্জ পাঁচ উইকেটে জয়ী
