‘আতিয়া মহল’ থেকে ৬৯ বাসিন্দা উদ্ধার

আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৪:৪৭
 
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহলে’ আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। 
 
শনিবার বেলা ১১টার দিকে আতিয়া মহলের ২৯টি ফ্ল্যাটে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তাদের সরিয়ে আনতে ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। সকাল ৯টার দিকে শুরু হওয়া এ অভিযানের নাম দেওয়া হয়ে ‘অপারেশন টোয়াইলাইট’। 
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এ খবর নিশ্চিত করেন।
 
এদিকে, সকাল পৌনে ৮টার দিকে আতিয়া মহলের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া আতিয়া মহলের এক কিলোমিটারের মধ্যে সাংবাদিকসহ কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। আশপাশে রাখা হয়েছে সাজোয়া যান, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি।
 
শুক্রবার সারা রাত সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ইউনিট ও সোয়াট সদস্যরা বাসাটি ও তার আশাপাশের এলাকা ঘিরে রেখে অভিযান চালাতে প্রস্তুতি নেয়। ওই এলাকায় ও তার আশপাশে বাড়ানো হয় পুলিশের সংখ্যা।  
 
শুক্রবার ভোর থেকে আতিয়া মহল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাঁচতলা ওই ভবনে নারীসহ একাধিক ‘জঙ্গি’ রয়েছে বলে ধারণা পুলিশের।