মিরপুরে ফরহাদ রেজার তাণ্ডব

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:২০

দোলেশ্বরের রোমাঞ্চকর জয়

  স্পোর্টস রিপোর্টার

আগের রাতের বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা ছিল। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য হয়ে গিয়েছিল ২৬ ওভার। প্রায় টি-২০’র আকৃতি পাওয়া ম্যাচেই ধ্রুপদী লড়াই মঞ্চস্থ হলো মিরপুর স্টেডিয়ামে। শ্বাসরোধী লড়াই শেষে জয়ের স্বস্তি সঙ্গী হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের। গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। আট ম্যাচে দোলেশ্বরের এটি ষষ্ঠ জয়, শেখ জামালের চতুর্থ হার। 

শেষ ১২ বলে জয়ের জন্য ২৫ রান দরকার ছিল শেখ জামালের। ৪৯তম ওভারে আসে ১৪ রান। ফরহাদ রেজার করা ইনিংসের শেষ ওভারে ১১ রানের সমীকরণ টপকাতে পারেনি শেখ জামাল। শেষ বলে ছয় রান দরকার হলেও খালেদ আহমেদ চার মারতে সক্ষম হয়েছেন। শেষ বলটা ছিল ফুলটস। প্রতিপক্ষ শিবির থেকে দাবি করা হয়েছিল, এই বলটার উচ্চতা কোমরের উপরে ছিল। সে ক্ষেত্রে ‘নো-বল’ হতে পারব; তেমন ঘটনায় পরের ফ্রি হিটে মাত্র ১ রান দরকার হতো জয়ের জন্য। কিন্তু ম্যাচশেষে আম্পায়াররা ভিডিও রিপ্লে দেখে নিশ্চিত হন, এটা নো-বল ছিল না।

বোলিংয়ে তিন উইকেট নেওয়ার আগে ব্যাটিংয়েও তাণ্ডব চালিয়েছেন দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজা। গতকাল শেখ জামালের বিরুদ্ধে লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার। চার-ছক্কার ঝড় তুলে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছেন তিনি। এর আগে ২০০৭ সালে খুলনার হয়ে ঢাকার বিপক্ষে ১৯ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন নাজমুল মিলন। গতকাল সেই রেকর্ড নিজের করে নিলেন ফরহাদ রেজা। ২০ বলে ৫৬ রানের (৩ চার, ৬ ছয়) বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।

মিরপুরে টসে হেরে ব্যাট করা প্রাইম দোলেশ্বর ফরহাদ রেজা ছাড়াও তরুণ ইমরানুজ্জামান, সাদ নাসিমের হাফসেঞ্চুরিতে ২৬ ওভারে ছয় উইকেটে ২৩৯ রানের বিশাল স্কোর গড়েছিল। ওপেনার ইমরানুজ্জামান ৫৪ বলে ৭৫, সাইফ হাসান ৩৬, সাদ নাসিম ৫৬ রান করেন। শেখ জামালের সালাউদ্দিন শাকিল তিনটি করে উইকেট নেন।

শেখ জামালের জন্য ২৪০ রানের টার্গেট বড় চ্যালেঞ্জই ছিল। কিন্তু সেই টার্গেটই প্রায় পাড়ি দিয়ে ফেলেছিল ক্লাবটি। কেউ বড় ইনিংস না খেললেও দলকে লড়াইয়ে টিকিয়ে রাখতে কার্যকর ইনিংস খেলেছেন কয়েকজন ব্যাটসম্যান। সবার সম্মিলিত প্রচেষ্টায় সফলতা আসেনি স্বীকৃত ব্যাটসম্যানরা শেষ পর্যন্ত টিকে না থাকায়। নয় উইকেটে ২৩৮ রান তুলতে সমর্থ হয় শেখ জামাল।

জিয়াউর রহমান ২১ বলে ৪৬, অনুস্টুপ মজুমদার ৪৪, নুরুল হাসান সোহান ২০ বলে ৩৭, তানবির হায়দার ২৫ বলে ৩৬, ইমতিয়াজ হোসেন ২২ বলে ৩৪ রান করেন। প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজা, আবু জায়েদ রাহী তিনটি করে, আরাফাত সানি দুটি উইকেট পান। ফরহাদ রেজা ম্যাচসেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম দোলেশ্বর : ২৬ ওভারে ২৩৯/৬ (ইমরান ৭৫, ফরহাদ রেজা ৫৬, সাদ নাসিম ৫১, সাইফ হাসান ৩৬; আরাফাত সানি ২*; সালাউদ্দিন শাকিল ৩/৪০, জিয়াউর ১/৩০, ইলিয়াস সানি ১/৩৩, তাইজুল ১/৫০)

শেখ জামাল : ২৬ ওভারে ২৩৮/৯ (জিয়াউর ৪৬, অনুস্টুপ মজুমদার ৪৪, নুরুল হাসান সোহান ৩৭, তানবির হায়দার ৩৬, ইমতিয়াজ ৩৪; ফরহাদ রেজা ৩/৩৫, আবু জায়েদ রাহী ৩/৪৮, আরাফাত সানি ২/২১, সাদ নাসিম ১/২৯)। ফলাফল : প্রাইম দোলেশ্বর ১ রানে জয়ী।