সফর স্থগিত নিউজিল্যান্ড ও উইন্ডিজ ‘এ’ দলের
স্পোর্টস রিপোর্টার
আগামী ১০ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের। কিন্তু মানসিক প্রস্তুতি না থাকা ও ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির ধাক্কা কাটিয়ে উঠতে না পারার জন্য নিউজিল্যান্ডের যুব দলটা বাংলাদেশে আসেনি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন জানিয়েছেন, নিউজিল্যান্ড ক্রিকেট এই সফরটা পরে কোনো এক সময়ের জন্য বিবেচনা করতে বলেছে।
ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে খুব অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর খুব দ্রুত তৃতীয় টেস্ট বাতিল করে দেশে ফিরে আসে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এই ঘটনায় সারা নিউজিল্যান্ডের মতো মুষড়ে পড়ে ক্রিকেটাররাও। গতকাল বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, এই সন্ত্রাসী হামলার ধাক্কা কাটিয়ে উঠতে না পারাতেই মূলত আসছে না নিউজিল্যান্ড দল, ‘ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির পরপর আমাদের টিম দ্রুত চলে আসে। পরবর্তীতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের একটা সিরিজ ছিল। যেহেতু ক্রাইস্টচার্চ শক তারা ওভারকাম করতে পারেনি। তো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে এই সময়ে তাদের এইজ গ্রুপ টিমকে পাঠানোর মতো মন-মানসিকতা এখনো তাদের আসেনি বা তারা ওইভাবে প্রিপেয়ার্ড না। সার্বিক বিষয়টা বিবেচনা করে তারা জানিয়েছে পরবর্তীতে কোনো একটা সময় রি-কনসিডার করার জন্য।’
এই সময়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দুই দলের। সেটা আপাতত হচ্ছে না। তবে এই সিরিজ বছরের অন্য কোনো এক সময়ে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী বিসিবি। সুজন বলছিলেন, ‘পরবর্তীতে তারা হয়ত কোনো একটা সময় আসবে। আগামী অক্টোবরে হয়ত আমাদের দল যাওয়ার ব্যাপারে সময় নির্ধারিত আছে।’
আগামী বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। আর সেটাকে সামনে রেখেই চলছে বাংলাদেশ যুব দলের এই সিরিজ ও ক্যাম্প পরিকল্পনা। সুজন বলছেন, সে পরিকল্পনায় কোনো পরিবর্তন আপাতত আসবে না, ‘আমাদের আন্ডার নাইনটিন ট্যুর কিন্তু বিশ্বকাপ সামনে রেখেই করা হয়। ক্যাম্প অন গোয়িং প্রসেস। এতে যদি কোনো পরিবর্তন আনতে হয় তাহলে টিম ম্যানেজমেন্ট জানাবে।’
নিউজিল্যান্ড এই সময়ে না আসলেও বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো সমস্যা হবে বলে মনে করছেন না সুজন। বাংলাদেশ এর মধ্যে আরো কিছু সিরিজ খেলবে দেশের বাইরে, ‘নিউজিল্যান্ড আসছে না তবে কমপ্যাক্ট যে শিডিউল আছে তাতে প্রভাব ফেলবে না। ইংল্যান্ডে সিরিজ আছে। তারপর নিউজিল্যান্ডে যাওয়ার ব্যাপার আছে। সমস্যা হবে না। আমাদের বিশ্বকাপ খেলতে হবে সাউথ আফ্রিকায়। হোম সিরিজের চেয়ে তাই অ্যাওয়ে সিরিজ বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনো সমস্যা হবে না।’
নিউজিল্যান্ড দল হামলার ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় আসছে না। অন্যদিকে বাংলাদেশ দলের এখন যে কোনো সফরে যাওয়ার আগে দুশ্চিন্তা হচ্ছে নিরাপত্তা। সামনের আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানকার নিরাপত্তা নিয়ে সুজন বলছিলেন, ‘আমরা ইতোমধ্যে আয়ারল্যান্ড বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি। বাংলাদেশ দল যখন সফর করবে ত্রিদেশীয় সিরিজে আয়ার?ল্যান্ডে সে জন্য সিকিউরিটি প্ল্যান চাওয়া হয়েছে। আমরা প্রত্যাশা করছি তারা তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট প্ল্যানটা আমাদের পাঠিয়ে দেবে।’
