নওগাঁয় সাপাহার ও পোরশায় ঘুর্ণিঝড় এবং বৃষ্টিতে গৃহবধূসহ দুইজনের মৃত্যু হয়েছে।
ঝড়ে জেলার ১১টি উপজেলায় আম, গম, পানের বরজ, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাপাহার উপজেলা সদর ইউনিয়নের উপজেলার মহজিদপাড়া গ্রামের হারুনুর রশিদের একটি মাটির দেয়াল চাপা পড়ে একই গ্রামের রাজমিস্ত্রি মহসীন আলী (৪৫) মারা যান। মহসীন আলী ওই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহমেদ জানান, ভোরে উপজেলার কুসুমকুণ্ডা বাবুপাড়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী নাজিরা (৩৫) গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে গাছ পড়ে তিনি মারা যান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সত্যব্রত সাহা জানান, জেলায় প্রতিটি উপজেলায় ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করার জন্যে কৃষি বিভাগকে জানানো হয়েছে।
