খুলনার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) প্রশিক্ষক (শারীরিক শিক্ষা) মাহবুব মোস্তফা গুলিবিদ্ধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম শিকদার (৫৭) এবং নৈশ প্রহরী শহীদুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দুপুরে আদালতে আবেদন করে পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নগরীর পিটিআই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, গুলিবিদ্ধ মাহবুব মোস্তফার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে আহত মাহবুব মোস্তফা বাদী হয়ে চারজনকে আসামি করে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলায় খুলনা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম শিকদার, প্রশিক্ষক (আইসিটি) প্রভাষ কুমার বিশ্বাস ও নৈশ প্রহরী শহীদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষা খুলনা বিভাগীয় উপ-পরিচালক (অব.) একেএম গোলাম মোস্তফাকে আসামি করা হয়।
