'বাঙালীরা অধিকার চেয়েছিল, স্বাধীনতা চেয়েছিলো, নিজেদের মত করে বাঁচতে চেয়েছিল, এটাই কি তাদের দোষ ছিলো? ইতিহাস সাক্ষী, সেদিন ঘুমন্ত জনগণের উপরে তারা (পাকিস্তানি সেনা) ঝাঁপিয়ে পড়েছিল। রাস্তায় যেখানে যাকে পেয়েছিল তাকেই নির্বিচারে গুলি চালিয়েছিল। কি অপরাধ ছিলো বাঙালীর?' কেন এক রাতে ১লক্ষ মানুষ মেরে ফেলা হলো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন।
তিনি আরো বলেন, 'ইতিহাসে অনেক হত্যাযজ্ঞ হয়েছে তবে নিজের দেশের মানুষ এভাবে হত্যার দৃষ্টান্ত নেই। বঙ্গবন্ধু ২৫ বছর আন্দোলন করেছে, চার বছর জেল খেটেছে। বাঙালীর মুক্তির জন্য রক্ত দিয়েছে।'
শনিবার বিকেলে মানিকগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মাঝে পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম. পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সরকারী দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ শাজাহান শেখ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার প্রমূখ।
ইত্তেফাক/জামান
