কঠিন প্রস্তুতি নিচ্ছে আবাহনী

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:২৩

স্পোর্টস ডেস্ক

আবাহনী এবারের এএফসি কাপে নিজেদের প্রথম খেলাতেই তিন পয়েন্ট তুলে নেয়ার লক্ষ্যে নেপালের কাঠমান্ডুতে জোর অনুশীলন চালিয়ে যাচ্ছে। আগামীকাল  বুধবার ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম প্রতিপক্ষ নেপালের মানাং মার্শিয়াংদিকে হারাতে মাঠে নামবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল সোমবার আবাহনী খেলাটির ভেন্যু কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুশীলন করে। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই অনুশীলন। বর্তমানে কাঠমান্ডুর আবহাওয়াও ঢাকার মতোই। তবে সন্ধ্যার দিকে আবহাওয়া কিছুটা শীতার্ত ছিল বলে জানানো হয়। ঢাকার ক্লাবটি এর আগে সাতবার এএফসির প্রতিযোগিতায় অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি। তাই দ্বিতীয় রাউন্ডে যেতে এবার মরিয়া কোচ মারিও লেমোসের দল। আবাহনীর পক্ষ থেকে গতকাল ইমেইল বার্তায় জানানো হয় খেলোয়াড়রাও এ ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত আছেন। তাদের লক্ষ্য প্রথম খেলাতেই যাতে জয়ী সূচনা করা যায়।

এদিকে আজ কাঠমান্ডুর আনফা হাউজে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দুদল কথা বলবে। উল্লেখ্য এবার এএফসি কাপের গ্রুপ পর্বে দক্ষিণ এশিয়ার চার ক্লাব একে অপরের সাথে লড়বে। আবাহনীর গ্রুপের অপর দুই দল হলো ভারতের চেন্নাইয়ান এফসি ও মিনার্ভা পাঞ্জাব। চার দলের মধ্য থেকে বিজয়ী ক্লাবটি যাবে নকআউট পর্বে।