স্পোর্টস ডেস্ক
পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা হুয়েস্কার বিপক্ষে অনেক কষ্টে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে আবার বিরল এক রেকর্ড গড়েন করিম বেনজেমা। সঙ্গত কারণেই উচ্ছ্বসিত কোচ জিনেদিন জিদান জয়ের দুই নায়ক মিডফিল্ডার ইসকো ও ফরোয়ার্ড বেনজেমার ভূয়সী প্রশংসা করেন।
রিয়ালের মতোই দারুণ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মৌসুম পার করছেন মিডফিল্ডার ইসকোও। মৌসুমের শুরুতে নতুন কোচ হুলেন লোপেতেগুইয়ের অধীনে অপরিহার্য হয়ে পড়া স্পেন মিডফিল্ডার কোচ বদলের পর ব্রাত্যই হয়ে গিয়েছিলেন! হুলেনের প্রস্থানের পর কোচ সান্তিয়াগো সোলারিও ব্যর্থতার খেসারত দিয়ে চাকরি খোয়ালে, জিদানের প্রত্যাবর্তনে যেন পুনর্জন্মই হলো ইসকোর।
জিদান ফিরে আসায় দীর্ঘদীন পর শুরুর একাদশেই জায়গা পান তিনি এবং টানা দুই ম্যাচে গোল করে দলের জয়েও বড় অবদান রেখেছেন। হুয়েস্কার বিপক্ষে ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে দানি সেবায়োসের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে গিয়েছিল। কিন্তু জাবি এজেইতার গোলে সমতায় ফেরে সফরকারীরা। শেষ মুহূর্তে করিম বেনজেমা দলের ত্রাতা হয়ে এলে ৩-২ গোলের জয় পায় রিয়াল।
বেনজেমা এদিন গোলের এমন এক কীর্তি গড়েন যা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি কিংবা রাউল গঞ্জালেজদের পক্ষেও সম্ভব হয়নি। হুয়েস্কার বিপক্ষে লক্ষ্যভেদের সুবাদে লিগে ৩৪টি দলের মুখোমুখিতায় প্রত্যেকের বিপক্ষে গোল করার কৃতিত্ব দেখান বেনজেমা।
মাদ্রিদ গণমাধ্যমে জোর গুঞ্জন, জিদান আগামী মৌসুমে দলকে ঢেলে সাজাতে বিশাল অর্থ ঢালতে যাচ্ছেন, দলে আসতে পারেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও! কিন্তু ফরাসি কোচ মনে করেন বেনজেমাও দলে থাকবেন ভালোভাবেই!
এ মৌসুমে লা লিগায় ২৯ ম্যাচ থেকে ১৪তম গোলটি করা এ ফরোয়ার্ড সম্পর্কে তিনি বলেন, ‘এ বছরটা সম্ভবত করিমের সেরা বছর। তার উপর আস্থা রাখবো আমি। এখনো নয় ম্যাচ বাকি আছে। মৌসুমটা ভালোভাবে শেষ করার জন্য যার সবগুলোই বেশ গুরুত্বপূর্ণ।’
পরের মৌসুমের পরিকল্পনায়ও বেনজেমা ভালোভাবেই আছেন, এমন ইঙ্গিতই দিলেন জিদান। তিনি বলেন, ‘পরের মৌসুমে কি হবে তা দেখা যাবে। কিন্তু করিম এই ক্লাবের একজন খেলোয়াড়। আমি মনে করি না কোনো পরিবর্তন আসতে পারে।’
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ জিদানের কণ্ঠে ঝরে পড়লো ইসকো-স্তুতি, সাবেক কোচ সোলারি যার দলের প্রতি নিবেদন নিয়েই প্রশ্ন তুলেছিলেন! জিদান বলেন, ‘আমরা সবাই জানি ইসকো কোন মাপের খেলোয়াড়। আমি তাকে দুই ম্যাচের শুরুর একাদশে রেখেছি, সে দুই গোল করলো। তাই তার নৈপুণ্যে আমি খুশি।’ জিদান আরও বলেন, ‘দলে ইসকোর গুরুত্ব কি তা আমরা জানি। এখন তাকে ভালোভাবে অনুশীলন করতে হবে।’
