স্পোর্টস রিপোর্টার
ক্যারিয়ারের ৫০তম এটিপি মাস্টার্স ফাইনাল খেলতে নেমেছিলেন রজার ফেদেরার। আর নেমেই স্মরণীয় দিনটাকে আরো স্মরণীয় করে রাখলেন এই সুইস। শেষ করলেন শিরোপা দিয়ে।
রবিবার ফাইনালে তিনি ৬-১, ৬-৪ গেমে উড়িয়ে দেন বর্তমান চ্যাম্পিয়ন জন ইসনারকে। এটা ছিল ফেদেরারের ক্যারিয়ারের ১০১তম শিরোপা। ম্যাচটা স্থায়ী হয় মাত্র ৬৩ মিনিট। গত দুই বছর ধরে মাটির কোর্টে ফেদেরার একদমই খেলেননি। সেই হিসেবে এই শিরোপাটা ছিল তার জন্য বেশ চ্যালেঞ্জিং। তিনি এখন এই শিরোপা দিয়ে মাটির কোর্টে আবারো নিয়মিত হতে চান।
বললেন, ‘মাটির কোর্টে ফিরে আসার পথে এই শিরোপাটা আত্মবিশ্বাস যোগাবে। গত কয়েক বছরে আমি অল্প কিছু ম্যাচ খেলেছি। সে কারণেই প্রত্যাশার চাপও ছিল না। কিন্তু এখন এই জয় সত্যিকার অর্থেই চাপ বাড়িয়ে দিল। এখন আমি কিছুটা বিশ্রামে থাকতে চাই। ছুটি কাটিয়ে পুরোপুরি সতেজ হয়ে আবারো প্রস্তুতি শুরু করবো।’
গেল মাসের শুরুতে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে এই ইসনারের বিপক্ষেই হেরেছিলেন ফেদেরার। ফলে এটা তার জন্য মধুর একটা প্রতিশোধও ছিল। যুক্তরাষ্ট্রের সপ্তম বাছাই ইসনার ফাইনালে অবশ্য পায়ের ইনজুরিতে ভুগেছেন। মাত্র ২৩ মিনিটে প্রথম সেটে পরাজয় থেকে মূলত ইসনার আর বেরিয়ে আসতে পারেননি। ম্যাচ শেষে তিনি সেটা স্বীকারও করেছেন।
তিনি বলেন, ‘ম্যাচের একদম প্রথম সেট থেকেই পায়ে ব্যথা অনুভব করি। ক্রমেই ইনজুরিটা খারাপের দিকে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়ের বিপক্ষে ফাইনালে খেলাটা উপভোগ করতে পারলাম না। ইনজুরির কারণে আমি আসলে ম্যাচটা পুরো মনোযোগ দিয়ে খেলতে পারিনি।’
