লালপুরে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৪:৫৩
 
নাটোরের লালপুর উপজেলার হাঁপানিয়া মোড়ে ইট বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় আদনান হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে হাসান আলী (১১) নামের আরেক ছাত্র আহত হয়েছে।
 
আদনান ও হাসান আলী দুজনেই দুয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। নিহত আদনান উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং আহত হাসান একই গ্রামের আবু বক্করের ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদনান ও হাসান দুয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। তারা বেলা ১১টার দিকে হাঁপানিয়া মোড়ে পৌঁছালে ডাঙ্গাপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলিটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনে কেরিয়ারে বসে থাকা আদনান ছিটকে গিয়ে পাওয়ার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপর দিকে হাসান আলীর গুরুত্বর আহত হয়। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এঘটনায় স্থানীয় লোকজন পাওয়ার ট্রলির হেলপার হাসানকে (২০) আটক করে পুলিশে দিয়েছে।
 
লালপুর থানার ওসি আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
 
ইত্তেফাক/জামান