ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ১৫:২৫
 
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ার মো. কাউসার ভূইয়া (৪৫) নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
 
ডিবি পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, শনিবার দিবাগত রাত আড়াইটায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে সদর উপজেলার ভাতশালা রেলস্টেশন এলাকায় মাদকবহনকারী একটি জিপ পুলিশের গাড়ী দেখে পুলিশকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে। পুলিশও পাল্টা ৯ রাউন্ড গুলি করে। মাদক বহনকারী জিপটি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ পড়ে থাকতে দেখে।
 
পুলিশ সেখান থেকে একটি পাইপ গান ২ রাউন্ড কার্তুজ ও নিহতের শরীর থেকে ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করে। তাকে হাসপাতালে নেয়ার পর তার পরিচয় পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ৫ টি মামলা রয়েছে।
 
নিহতের স্ত্রী রিনা বেগম জানান, শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে সাদা পোশাকধারীরা তাকে ধরে নিয়ে যায়। পরে সদর থানা যোগাযোগ করলে পুলিশ জানায় এ নামে কাউকে আনা হয়নি। তারা ডিবি অফিস ও র্যাবের সাথে যোগযোগ করেও তার সন্ধান পায়নি। সকালে একটি পিকআপ ভ্যানে করে হাসপাতালে লাশ আনার সময় তাদের সন্দেহ হলে হাসপাতালে এসে তার স্বামীর লাশ দেখতে পায়। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/মণ্ডল