স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তানদের চাকরি প্রদান ও কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ চাকরি ছাড়া থাকবে না। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুাক্তযোদ্ধারা জাতিকে স্বাধীনতা উপহার দিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
আজ রবিবার ফরিদপুরে কবি জসিম উদ্দিন মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জীবন ত্যাগ না করলে দেশ আজও স্বাধীন হতো না। যে চেতনা ও আদর্শ ধারণ করে আপনারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ও অন্যতম শক্তিশালী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন বর্তমান সরকার তা বাস্তবায়ন করে যাচ্ছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।-বাসস।
