ইতিহাসের অন্যতম ভয়ংকর হত্যাযজ্ঞ ‘অপারেশন সার্চলাইট’ এর ভয়াবহতাকে স্মরণ করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে। অনুষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে গণহত্যা দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ প্রদর্শিত হয়। এ পর্যায়ে উপস্থিত সকলেই বাকরুদ্ধ হয়ে পরেন এবং প্রবাসীরা তাদের বক্তব্যে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বর্বরতম এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার দাবী করেন।
সবশেষে কনসাল জেনারেল তাঁর বক্তব্যে স্বাধীনতার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন- ২৫ শে মার্চের পরিকল্পিত এই ন্যক্কারজনক হত্যাযজ্ঞকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য সরকারের যাবতীয় পদক্ষেপের পাশাপাশি প্রবাসীদের সরব হতে হবে, আন্তর্জাতিকভাবে স্বাগতিক রাষ্ট্রে প্রচার প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে, একদিন নিশ্চয়ই বাংলাদেশ এ স্বীকৃতি অর্জন করতে পারবে।
ইত্তেফাক/সাব্বির
