খুলনায় বারুণী মেলা থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত ও অন্তত ১৮ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের টিপনা গ্রামের নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কৃষ্ণপদ মণ্ডল (২১), রাজেশ্বর সরদার (২৪), লাল্টু সরদার (১৮) ও গোলক মিস্ত্রি (২৫)। নিহত ও আহতদের সকলের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায়।
ডুমুরিয়া থানার ওসি সুভাষ বিশ্বাস ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গোপালগঞ্জের হিন্দু ধর্মীয় তীর্থকেন্দ্র ওড়াকান্দির বারুনির মেলা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৬৫জন যাত্রী নিয়ে একটি রিজার্ভ বাস সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ফিরছিল। দ্রুতগামী বাসটি বিকাল সাড়ে ৪টার টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের বালিয়াখালী নামক স্থানে প্রথমে জহুরুল ইসলাম গাজী নামে (৭০) এক বৃদ্ধকে চাপা দেয়। কিছুদূর গিয়ে ওই সড়কের টিপনা গ্রামের নতুন রাস্তার মোড়ে বাসটির বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে প্রায় ১০ফুট নিচে খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত ও অন্তত ১৮জন আহত হন। আহতদের মধ্যে গোপাল নামে একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাকিদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাওয়া, কুলতলি, পোড়া গলদা, নয়াকাঠি, মুন্সিগঞ্জ, আটুলিয়া, ধুমঘাট ও ধানখালিসহ বিভিন্ন গ্রামে।
