গৌরনদীতে প্রেমের ফাঁদে কিশোরীকে ধর্ষণ

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২২:৩৮

বরিশালের গৌরনদীতে দশম শ্রেনির মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে ভিডিও ধারনের পর সেই ভিডিও বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বখাটেকে আটক করেছে। আগামীকাল সোমবার সকালে বখাটে হিরা সরদারকে আদালতে সোপর্দ করা হবে।

এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লাল মিয়া সরদারের পুত্র হিরা সরদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক পাশ্ববর্তী মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ওই মাদ্রাসা ছাত্রীর।

প্রেমের সম্পর্কে বখাটে হিরা সরদার বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। গোপনে সে ধর্ষণদৃশ্যের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিওটি উপজেলার কয়েকটি এলাকার বাজারে বিক্রি করে।

বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। খবর পেয়ে মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এলাকাবাসীর সহায়তায় ধর্ষণকারী বখাটে হিরা সরদারকে আটক করে।

শনিবার রাতে আটককৃত বখাটে হিরা সরদারকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই মাদ্রাসা ছাত্রী বাদী হয়ে রবিবার রাতে বখাটে হিরা সরদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।

গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, বখাটে হিরা সরদারকে আগামীকাল সকালে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/নূহু