কুল-বিএসপিএ পুরস্কার
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এর ২০১৮ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের
সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, জাতীয় মহিলা দলের ক্রিকেটার রুমানা আহমেদ এবং শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী। ক্রীড়াক্ষেত্রে অবদান রাখা ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষকের হাতে তাদের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আগামী ৬ এপ্রিল বেলা সাড়ে ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ এর আসরটি। এছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ড ২০১৮-র সংক্ষিপ্ত তালিকায় এই তিন জন ছাড়াও রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল খান। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১২টি বিভাগে সর্বমোট ১৪ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। এই অনুষ্ঠানেই চলতি বছর বিশ্বকাপগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জানানো হবে শুভকামনা।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
