পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোয়ালমারী করতোয়া নদীতে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের বারুণী স্নানোৎসবে নৌকা ডুবে বিক্রম চন্দ্র রায় (২০) নামের এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৯টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
বিক্রম চন্দ্র রায়ের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের সংকর এলাকায়। তিনি ওই এলাকার অখিল চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই যুবক তার পরিবারের লোকজনের সঙ্গে বারুণী স্নানোৎসবে যোগ দিতে যান। এক সময় নৌকা করে স্নানঘাটের এপার থেকে ওপাড়ে যাচ্ছিলেন। মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এসময় অন্য যাত্রীরা সাঁতরে পার হলেও বিক্রমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে স্থানীয়রা নদীতে নেমে বিক্রমের খোঁজ করতে থাকে। পরে খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস এবং রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযান চালিয়ে নদীর তলদেশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
বোদা ফায়াস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম নৌকা ডুবে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে। যথাযথ প্রক্রিয়ায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
