যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় সময় রবিবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, বাংলাদেশ কনস্যুলেট, কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইনক্, বাংলাদেশ সোসাইটি, মুক্তধারা ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপিসহ বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট ও কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান ইনক্ যৌথভাবে এলম্হার্স্ট হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় প্রবাসী বাঙালিরা এই কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন।
দুপুরে স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা পর্বের শুরুতে স্বাগত ভাষণ দেন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কনসাল জেনারেল মো. শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাসীদের আরো অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নিউইয়র্কের ব্রুকলিনের পিএস-১৭৯ মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ইনক্। সংগঠনের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন কনসাল জেনারেল মো. শামীম আহসানসহ মূলধারার বেশ কয়েকজন রাজনীতিবিদ। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে ছিল, নাচ, গান ও কবিতা পাঠ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে স্বাধীনতা প্যারেডের আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশনও বাঙালীর চেতনা মঞ্চ। প্রবাসী বাংলাদেশিরা এই প্যারেডে অংশ নেন। এ ছাড়াও জ্যাকসন হাইটসের পিএস-৬৯ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উডসাইডের কুইন্স আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে। নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় মূল আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আকতার হোসেন বাদল। এছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলোচনা সভায় বক্তব্য দেন।
ইত্তেফাক/রাফাত
