কুসিক নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করার দাবি বিএনপির

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:৫৭
 
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রশাসনকে ব্যবহার করে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করা নেতাকর্মী, এজেন্ট ও সমর্থকদের মিথ্যা মামলায় হয়রানি, গ্রেফতার ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ করেছে বিএনপি।
 
সোমবার দুপুরে নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুসিক নির্বাচনের মেয়র পদে বিএনপির প্রার্থীর প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম খান।
 
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনে মাঠে প্রভাব বিস্তারের লক্ষ্যে সরকার দলীয়রা পুলিশকে ব্যবহার করছে। বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে মাঠে কাজ করা নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাদা পোশাকে তল্লাশির নামে নেতাকর্মী ও সমর্থকদের পরিবারের সদস্যদেরকে হয়রানি করা হচ্ছে। অনেকের নামে মামলা না থাকলেও পুরাতন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।
 
তিনি বলেন, সরকার দলীয় প্রার্থী ও তাদের নেতারা নিয়মিত আচরণবিধি লংঘন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। ভোটের দিন ভোটাররা যেন কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে মতামত দিতে পারে এ জন্য কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি রিটার্নিং অফিসার এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। ভোট চুরি ও জাল ভোট প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ সৃষ্টির জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছেন।
 
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ইমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সামছুদ্দিন দিদারসহ দলের অংগসংগঠনের নেতা-কর্মীরা।
 
ইত্তেফাক/মণ্ডল