‘জঙ্গিবাদ প্রতিরোধে নৌকায় ভোট দিন’

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৬:৫৪
সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক রুখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। সোমবার কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণায় ভোটারদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। 
 
ছাত্রলীগ সভাপতি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি শ্রেণি সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শক্ত হাতে এসব দমন করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে ৩০ মার্চ সারাদিন নৌকায় ভোট দিতে হবে।
 
এদিন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ কুমিল্লা সিটির ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট চান। এসময় তিনি ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা, ২৩ নম্বর ওয়ার্ডের মনিপুর, চানপুর, বাতাবাড়িয়া, নন্দনপুর, নরপুস্কুনি ও চাঙ্গিনী, ২৪ নম্বর ওয়ার্ডের গন্ধমতি, কোটবাড়ি, সালমানপুর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ভোট চান।
 
এসব এলাকায় একাধিক পথসভা, উঠান বৈঠক ও আলোচনা সভায় অংশ নেন ছাত্রলীগ সভাপতি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম শাহেদ, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইমরান খান প্রমুখ।