সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা উদ্বোধন হলেও চালু হয়নি

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:৩১
 
সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বর্ধিত অবকাঠামো উদ্বোধনের তিন বছর অতিবাহিত হলেও ৫০শয্যার কার্যক্রম আজও চালু হয়নি।
 
জানা গেছে, ২০১৪ সালের ২৫জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা শহর গাইবান্ধা থেকে ৫০শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মিত বর্ধিত অবকাঠামো উদ্বোধন করেন। উদ্বোধনের তিন বছর অতিবাহিত হলেও কার্যক্রম আজও চালু হয়নি।
 
এতে এলাকার ছয় লাখের বেশি মানুষ উন্নত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া, কমপ্লেক্সটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা পর্যাপ্ত শয্যা না থাকায় ফ্লোরে অবস্থান নেওয়ার ভয়ে চিকিৎসা না নিয়েই বাড়িতে ফিরে যায়। মুমূর্ষু রোগীরা জীবন বাঁচার তাগিদে শয্যা না থাকায় ফ্লোরে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।
 
এদিকে এক বছর পূর্বে ৫০শয্যা বিশিষ্ট কমপ্লেক্সের বর্ধিত ১৯শয্যার বরাদ্দ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। এখনো ৩১ শয্যার মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।
 
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোস্তফিজার রহমান জানান, সিভিল সার্জন অফিসে ১৯ শয্যা চালু করার বরাদ্দপত্র মিললেও তা আমার হস্তগত হয়নি। 
 
এব্যাপারে ইউএনও এস.এম গোলাম কিবরিয়া জানান, আমি এই উপজেলায় সবেমাত্র যোগদান করেছি তবে স্বাস্থ্য কমপ্লেক্সটি থেকে যাতে এ উপজেলাবাসী চিকিৎসা জনিত সব ধরনের সুযোগ-সুবিধা পায় তা নিশ্চিত করণের লক্ষ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে নেয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।