ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস পালিত

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:৩০
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে। রবিবার দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে কমিউনিটি নেতৃবৃন্দ ও দূতাবাস কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। 
 
এরপর পবিত্র কোরান থেকে পাঠ করে শোনানো হয় এবং মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর স্বাধীনতা দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান মূকানিভয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম।
 
৭১ র মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে’।
 
অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭১ র স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের উদ্দেশ্যে এবং বাংলাদেশের শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়। নীরবতা পালন শেষে দেশের মঙ্গলার্থে সকলে মোনাজাত করেন।
 
ইত্তেফাক/সাব্বির