দ. কোরিয়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের গ্রেফতারের শুনানি বৃহস্পতিবার

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৯:২১
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা সে বিষয়ে প্রসিকিউটরদের করা আদালতে আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষের অভিযোগে  গ্রেফতারের এ আবেদন করা হয়।
 
গত মাসে পার্ক জিউন হাইকে (৬৫) দুর্নীতির দায়ে পার্লামেন্টে অভিশংসন করা হয়। ক্ষমতায় থাকাকালে বান্ধবী চৌ সুন সিলকে অনৈতিক সুবিধা দানের অভিযোগ উঠে। আর এর পর থেকেই তার বিরুদ্ধে দেশটিতে আন্দোলন চাঙ্গা হতে থাকে। অভিযোগ ছিল বান্ধবীর ব্যবসা প্রতিষ্ঠানে তিনি বিরাট অংকের চাঁদা দেওয়ার জন্য নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। 
 
যদিও এসব অভিযোগ তিনি এবং তার বান্ধবী অস্বীকার করেছিলেন। গতকাল দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটর কার্যালয় থেকে তাকে গ্রেফতারের আবেদন করা হয়। আবেদনে বলা হয়, তাকে গ্রেফতার না করা হলে তিনি এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি গায়েব করে ফেলতে পারেন। প্রসিকিউটর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, কোনভাবে আমরা এ ধরনের আশঙ্কাকে উড়িয়ে দিতে পারি না। তাই আমরা আদালতের কাছে তার গ্রেফতারের আবেদন জানাচ্ছি। কেননা এর আগে যতকিছু ঘটেছে তা তিনি ক্ষমতার অপব্যবহার করেই করেছেন। এ ব্যাপারে সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট জানায়, গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা সে বিষয়ের শুনানি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত ওইদিন কিংবা তার পরের দিনও হতে পারে। 
 
পার্কের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তার ১০ বছরের বেশি কারাদন্ড হতে পারে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে বিরাট অংকের ঘুষ নিয়েছেন। যার মধ্যে স্যামসংয়ের মতো বড় প্রতিষ্ঠানও রয়েছে। যদিও স্যামসং গ্রুপের প্রধান ওয়াই লি ঘুষ প্রদানের মাধ্যমে প্রেসিডেন্টের কাছ থেকে আনুকুল্য লাভের যে কথা উঠেছে তা তিনি অস্বীকার করেছেন। এ ঘটনায় পার্কের বান্ধবী চৌও আটক রয়েছেন এবং অন্য একটি আদালতে তার বিচার চলছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির