গাজীপুরের কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে এক বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার দুপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন মুন্না (২৬)। তিনি কালিয়াকৈর পরিবহন সার্ভিসের (কেপি) চালক ছিলেন।
নিহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আফজাল হোসেন, বাবুল হোসেন, লাকি মিয়া, সোরহাব হোসেন ও মোজাম্মেল হোসেনসহ পাঁচ-সাতজন শ্রমিক নেতারা মুন্নাসহ চার পরিবহন শ্রমিককে রড ও কাঠের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে আহত মুন্না সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনায় নিহতের বাবা কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গাজীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বাবুল হোসেন (৪৫), ও চন্দ্রা শাখার সভাপতি লাকি মিয়াকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মাসুদ আলম জানান, অভিযোগের ভিত্তিতে দুজন শ্রমিকনেতাকে আটক করা হয়েছে।
