স্বাধীনতা দিবস উদযাপনে থাইল্যান্ডে লোকশিল্প উৎসব

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২০:৩৬
প্রবাসী বাংলাদেশিদের জঙ্গিবাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। রবিবার ব্যাংককে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের মুহুর্তে তিনি এ কথা বলেন।
 
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে সমবেত প্রবাসী বাংলাদেশি, কূটনীতিক ও থাইল্যান্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে ভিশন ২০২১ বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের ৭ শতাংশ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বৈধ চ্যানেলগুলোর মাধ্যমে অর্থ পাঠানোর আহ্বান জানান। ২০১৬ সালে ব্যাংকক দূতাবাস থেকে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স পাঠানোয় বিশেষ স্বীকৃতির কথা ঘোষণা করা হয়।
 
দুই দিনব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনে রবিবার ব্যাংককের রয়েল ওয়াগনা থিয়েটারে ‘সেলিব্রেটিং বাংলা ফোক’ শিরোনামে বাংলা লোকশিল্প উৎসব আয়োজন করা হচ্ছে। লালন ও বাউল সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার ও বাউল শামির হুসেন অনুষ্ঠানে লোকসংগীত গেয়েছেন, নন্দন কলা কেন্দ্র পরিবেশন করেছে লোকনৃত্য। একটি বেসরকারি টিভি চ্যানেলের স্পন্সরে ‘জলের গান’ ব্যান্ড লোকশিল্প উৎসবে গান গেয়েছেন। বিশিষ্ট মঞ্চশিল্পী রামেন্দু মজুমদার ও বিপাশা হায়াত প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের রচনা থেকে কবিতা আবৃত্তি ও থিয়েটার পারফর্ম করেন। লোকশিল্প উৎসবটি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও লালন ফকিরের প্রতি উৎসর্গ করা হয়। রাষ্ট্রদূত থাই গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন, বৌদ্ধপ্রধান আসিয়ান সদস্য দেশটিতে বাংলাদেশের জনপ্রিয় ধর্মনিরপেক্ষ লোকসংগীত ও নৃত্যের প্রদর্শনীটা জরুরি ছিল।
 
IMG0
 
লোকসংগীত উৎসবের প্রধান অতিথি থাই সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সুনাথামিটংগাংম দুই দেশের জোরদার কূটনৈতিক ও বন্ধুত্বপুর্ণ সম্পর্কের কথা ব্যক্ত করে বাংলাদেশের সঙ্গে আন্তঃ সাংস্কৃতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
 
এর আগে রবিবার সকালে পৃথক অনুষ্ঠানে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম । অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করে শোনানো হয়। সোমবার ব্যাংককের গ্র্যান্ড হায়াত হোটেলে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে দূতাবাস। সেখানে ‘কনভারসেশন উইথ ফ্রিডম’ শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
 
ইত্তেফাক/সাব্বির