আতিয়া মহলে অভিযান চলছে

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৪:৩১
 
সিলেটের শিববাড়ীর 'আতিয়া মহলে' টানা পঞ্চম দিনের মতো অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা। নিরাপত্তার স্বার্থে এলাকায় এখনও সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে। গত রাতে আর কোন গুলির শব্দ শোনা যায়নি বলে জানান এলাকার স্থানীয় কয়েকজন অধিবাসী। সূত্র জানায়, বাড়ির ভেতরে থাকা বিস্ফোরক উদ্ধারের কাজ চলছে। সোমবার রাতে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী জানায়, তাদের অভিযানে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে জঙ্গি আস্তানায় আর কোনও জীবিত জঙ্গি নেই।
 
অভিযানে আতিয়া মহলের তিন তলা পর্যন্ত পশ্চিমের দেয়াল বিধ্বস্ত হয়ে পড়েছে। পুরো ভবনটা যে অবস্থায় আছে সেটা বেশ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সোমবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান বলেন, সে জন্য সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে। যে চারজন এখানে ছিল, তারা বেশ ভালো প্রশিক্ষিত। তাদের খুঁজে বের করে মারা হয়েছে। এটা সেনাবাহিনীর জন্য বড় সফলতা বলে মনে করি। আমাদের অভিযান এখনও চলমান আছে। আরও হয়তো কিছু সময় লাগতে পারে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী আমরা এগিয়ে যাব।
 
শুক্রবার ভোর ৩ টার দিকে আতিয়া মহলের নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট। ঐ দিন সকাল ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছোড়া হয়। পরে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াতকে পাঠানো হয় ঘটনাস্থলে। শেষ পর্যন্ত উচ্চ পর্যায়ের নির্দেশে সন্ধ্যা থেকে পুরো এলাকার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডো দল।
 
পরদিন তারা ওই ভবনের অন্যান্য বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনে। ২৫ মার্চ সন্ধ্যায় অভিযান নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন চলাকালে আতিয়া মহলে দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। আহত হয়েছেন র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধানসহ অন্তত ৫০ জন।
 
ইত্তেফাক/রাফাত