রাজশাহীতে গান পাউডারসহ আটক দুই

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৫:৫৬
রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিপুল পরিমাণ গান পাউডারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
 
আটকের পর দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। রাত সাড়ে ১২টা থেকে সকাল পর্যন্ত তাদের রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) একেএম নাহিদুল ইসলামের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নেমেছে রাজশাহী পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কাউকে আটক করতে পারেনি পুলিশ।  
 
পুলিশ জানায়, প্রায় সাড়ে তিন কেজি গান পাউডারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি রাজশাহী নগরীতে আসার পরে শিরোইল বাসস্ট্যান্ডে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি করতে থাকে। এসময় গান পাউডারসহ দুই তাদের আটক করা হয়। পরে তাদের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদ শেষ হলেও আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের নামপরিচয় জানানো হয়নি। দুজনেই যুবক বলেও নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা একেএম নাহিদুল ইসলাম।