বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুুব উল আলম হানিফ বলেছেন, ইতিহাস বিকৃতকারীদের জাতি কখনোই ক্ষমা করবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ -শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্য উৎসবের তৃতীয় দিনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নুরুন নবী চৌধুরী শাওন এমপি, অধ্যাপক ড. রওনক জাহান, ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির ডা. এম এ হাসান ও নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার প্রমুখ।
সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ করেছে থিয়েটার (বেইলি রোড)।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ।
মাহবুুব উল আলম হানিফ আরো বলেন, দুই লক্ষ মা বোনের সম্ভ্রম এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
