ঢাকার দোহারে জঙ্গিবাদে সম্পৃক্ততার সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তিন ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে দক্ষিণ জয়পাড়া মাঝিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে সাদা পোশাকে অস্ত্রধারী ১৮/২০ জন লোক ঐ তিনজনকে তুলে নিয়ে যায় বলে স্থানীয়রা জানায়।
আটককৃতরা হলো, মাঝিপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বকরের ছেলে মেসবাহ উদ্দিন (২২) ও তার সহোদর মো. মাহফুজ (১৮) এবং তাদের বাড়িতে বেড়াতে আসা খালাতো ভাই মো. হাসিবুল।
মেসবাহ উদ্দিন পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার সোনাহাজরা মাদ্রাসার ছাত্র ও তার ভাই মো. মাহফুজ দোহার উপজেলার জয়পাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র এবং মো. হাসিবুল দোহার উপজেলার পদ্মা ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা যায়।
এ বিষয়ে দোহার থানার ওসি শেখ সিরাজুল ইসলাম বলেন, 'এবিষয়টি আমার জানা নেই।'
