মাগুরায় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে সুরাইয়া ও তার মা নাজমা বেগম গুলিবিদ্ধের মামলায় ১৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ৮মে সাক্ষ্য গ্রহণ করা হবে।
মঙ্গলবার মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এই চার্জ গঠন করা হয়। মামলার প্রধান আসামি সেন সুমন, তৈয়বুর, আইনাল, ফরিদ ও সুমন কারিগরের পক্ষে তাদের আইনজীবীরা মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে অব্যাহতির আবেদন না মঞ্জুর করে সকল আসামির বিরুদ্ধে চার্জগঠনের নির্দেশ দিলে রাষ্ট্রপক্ষের আইনজীবী চার্জ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট সৈয়দ ফিরোজুর রহমান জানান, মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ৮মে ২০১৭। এদিন সাক্ষ্য গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০১৫ মালের ২৩জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষকালে আব্দুল মোমিন নামে একজন নিহত এবং মাতৃগর্ভে নবজাতক সুরাইয়া ও মা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অপারেশনের মাধ্যমে শিশু কন্যা সুরাইয়ার জন্ম হয়। পরবর্তীতে ঢাকায় চিকিৎসায় তারা সুস্থ হয়।
