আবারো বেরোবির একাডেমিক গেট বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২১:৩৮
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্ধমাস ধরে বন্ধ থাকা এক নম্বর ফটক খুলে দেওয়ার কয়েকদিন পর আবারো বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অধিদপ্তর।
 
এর আগে গত চার মার্চ ছাত্রলীগ-স্থানীয় ব্যবসায়ী সংঘর্ষের ফলে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক বন্ধ করে দেওয়া হয়। ফটকটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগের মাধ্যমসহ কয়েকটি অনলাইন পত্রিকায় ২২ ও ২৩ মার্চ সংবাদ প্রকাশিত হলে নির্বাহী প্রকৌশল দপ্তর শিক্ষার্থীদের অসুবিধার কথা চিন্তা করে ২৩ মার্চ ফটকটির ছোট গেটটি খুলে দেয়। এরপর ২৮ শে মার্চ ছোট ফটকটিও আবার বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আবার চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।
 
এ বিষয়ে প্রধান নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে জিজ্ঞেস করলে বলেন, 'প্রোক্টর ও উপাচার্যের নির্দেশে ফটকটি আবারো বন্ধ করে রাখা হয়েছে। ফটকটি পুরো মেরামত করার পর উপাচার্য খুলে দিতে বললে এটা খুলে দেওয়া হবে।'