জঙ্গিবাদীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : খাদ্যমন্ত্রী

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১০:২৬
যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
 
মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে আওয়ামী সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। 
 
আওয়ামী সাংস্কৃতিক জোটের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ড. মহীউদ্দিন খান আলমগীর এমপির সভাপতিত্বে সভায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, আইডিইবির সভাপতি একেএমএ হামিদ, সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাবেক সংসদ সদস্য তহুরা আলী, আওয়ামী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহমেদ ইলিয়াস প্রমুখ বক্তব্য রাখেন। 
 
বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে কামরুল ইসলাম বলেন, তারাই জঙ্গি গোষ্ঠীর প্রত্যক্ষ মদদদাতা। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্তানরা যেন জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সতর্ক থাকাতে হবে। 
 
জঙ্গিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মুক্তিযোদ্ধা ও দেশের সাধারণ জনগণকে সজাগ থাকতে হবে, যাতে করে অপশক্তিগুলো কোন দিন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।-বাসস।