ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টিকিট কালোবাজারী আটক

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১১:১১
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে মঙ্গলবার তিন টিকিট কালোবাজারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৬টি টিকিট উদ্ধার হয়। আটককৃতরা হলেন- পৌরশহরের উত্তর মৌড়াইল এলাকার কালু মিয়া (২৮), আবুল কালাম (৩২) ও ধিরাজ মিয়া (৪০)। 
 
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে একটি দল স্টেশনে অভিযান চালায়। এসময় কালোবাজারে টিকিট বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. পারভেজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।