পতন কাটিয়ে গতকাল সোমবার দেশের শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্য সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১৩টির শেয়ার দাম হাজার টাকারও উপরে রয়েছে। এর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, রেকিট বেনকিজার, বার্জার পেইন্ট, মুন্নু জুট স্টাফলার্স, ইস্টার্ন লুব্রিকেন্ট, রেনউইক যজ্ঞেশ্বর, গ্ল্যাস্কোস্মিথক্লাইন, মেরিকো বাংলাদেশ, নর্দান জুট, লিন্ডে বিডি, রেনেটা, বাটা সু এবং লিবরা ইনফিউশন। দামের দিক থেকে শীর্ষ তালিকায় থাকা এ ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির শেয়ার দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ৪টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৪২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২২১ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮০টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
