পবিত্র ঈদ-উল আযহা পর্যন্ত হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলোর কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের ডিভিশন বেঞ্চে আজ বুধবার এই আবেদন খারিজের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার আবেদনের ওপর শুনানি শুরু হয়েছিল। গত ৬ মার্চ এক আদেশে হাজারীবাগে থাকা সকল ট্যানারির কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স এসোসিয়েশন। কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের আদেশে হস্তক্ষেপ না করে তা বহাল রাখে। ফলে হাজারীবাগে থেকে ট্যানারি মালিকদের কার্যক্রম পরিচালনা করা আইনগতভাবে বন্ধ হয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ঈদ-উল আযহা পর্যন্ত হাজারীবাগে থেকে ট্যানারি পরিচালনার জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন দাখিল করে মালিকপক্ষ। কিন্তু আজ বুধবার তা খারিজ করে দেওয়া হয়।
