চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশনের জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দা ও বিদ্যালয়ের অন্য ভবনের প্রধান শিক্ষকের কক্ষে চলছে পাঠদান। এছাড়া বেঞ্চ সংকটে দুইটি ক্লাসের শিক্ষার্থীরা চাটাইয়ে বসে পাঠ গ্রহণ করছে।
প্রধান শিক্ষক সুনন্দা সরকার বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ এবং বেঞ্চ সংকটের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। ভবন নির্মাণ না হওয়ায় নিরূপায় হয়ে ঝুঁকিপূর্ণ ভবনের বারান্দা এবং বিদ্যালয়ের অন্য ভবনের অফিস কক্ষে চাটাইয়ে বসিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। এতে সমস্যা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী জানান, ভবন ঝুঁকিপূর্ণের বিষয়টি উপজেলা প্রকৌশল দপ্তরকে লিখিতভাবে অবগত করেছি। সম্ভবত নতুন ভবন নির্মাণ প্রক্রিয়াধীন আছে। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. রেজাউল করিম বলেন, কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। খুব শিঘ্রই পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে সেখানে নতুন একটি ভবনের নির্মাণ কাজ শুরু হবে।
