মৌলভীবাজারে জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা, সোয়াতের অপেক্ষা

আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৮:৫৭
 
মৌলভীবাজারের দুটি জঙ্গি আস্তানা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে আইন শৃংখলাবাহিনী। বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বাড়ি দুটিকে ঘিরে ১৪৪ ধারা জারি করার বিষয়টি ইত্তেফাককে চিশ্চিত করেছেন।
 
এদিকে অভিযান পরিচালনার জন্য পুলিশের সর্বাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস (সোয়াত) এর জন্য অপেক্ষা করছে স্থানীয় পুলিশ প্রশাসন। সোয়াট আসলেই অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।
 
মঙ্গলবার গভীর রাত থেকে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। মৌলভীবাজার শহরস্থ বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে। দুটি বাড়িই লন্ডন প্রবাসী সাইফুর রহমানের মালিকানাধীন।
 
বুধবার সকাল সাতটা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১১টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
 

ইত্তেফাক/মণ্ডল