মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ আন্তজার্তিক সম্পাদক এবং সঙ্গীত তারকা বেবী নাজনীন। নিউ ইয়র্ক ব্রুকলিনের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান ভুইঁয়া মিল্টন, প্রধান বক্তা ছিলেন লংআইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এম শওকত আলী।
আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা এম কাশেম আলী, বিএনপি নেতা রকিব উদ্দীন, আব্বাস উদ্দিন, শামিমুর রহমান, আতিকুল হক আহাদ, আবদুস সবুর, দুলাল, যুবনেতা শামিম মাহমুদ, ছাত্রদল নেতা শিমুল,সবুজ,অপু প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ পূর্ণ স্বাধীন দেশ হওয়া স্বত্তেও এখন মাঝেই মাঝেই মনে হয় সব মানুষ যেন পূর্ণভাবে স্বাধীনতা উপভোগ করতে পারছেন না। কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এখন সবার জন্য যেন সমান নয়। যারা স্বাধীনভাবে বলেন, বলতে চান তাদের অনেকেরই অভিজ্ঞতা এখন ভালো নয়। রাস্ট্রের উন্নয়নে একটি সরকারের প্রধান দায়িত্ব এবং অবদান থাকবে এটাই স্বাভাবিক। তবে জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা সেই উন্নয়নকে আরো গতিশীল করে এটাও মনে রাখতে হবে। বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। কিন্তু জনগণ তা বলার স্পেস পাচ্ছে না। সবাই একটি সুষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/মণ্ডল
