স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একের পর এক জঙ্গি আস্তানা শনাক্ত করে তা গুড়িয়ে দেয়া হচ্ছে। তাদের মূল উৎপাটন করা হচ্ছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে যেমন পুলিশ ঘুরে দাঁড়িয়েছিল, পালিয়ে যায়নি। পালিয়ে না গিয়ে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে প্রথম প্রতিরোধ করছে। ঠিক তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সমস্ত পুলিশ বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছেন।
বুধবার মুন্সীগঞ্জে জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্বে আপোসহীন। আগামী প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক ছিলেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। বিশেষ অতিথি ছিলেন মৃণাল কান্তি দাস এমপি, অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা প্রশাসক সায়লা ফারজানা।
