টেকনাফে বাংলা চ্যানেল পাড়িতে রেকর্ড গড়লেন ভারতীয় বাঙালি নারী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৫৪

টেকনাফে সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় বাঙালি নারী তাহরিনা নাসরিন। শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শাহপরীর দ্বীপ জেটিঘাট  থেকে  তাহরিনা নাসরিন বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য সাঁতার শুরু করেন। এক্সট্রিম বাংলা, এভারেস্ট একাডেমি ও ষড়জ অ্যাডভেঞ্চারের উদ্যোগে এই বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার সময় পরিদর্শক ছিলেন এভারেস্ট একাডেমির সাঁতার পরিচালনাকারী দলের হেলদি হোমের ডা. মহসীন কবির লিমন, লাইফগার্ড হিসেবে ছিলেন  সিআইপিআরবি’র সি-সেইফ সুইমিং প্রোগ্রামের লাইফ গার্ড কামাল হোসেন, রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন বাচ্চু এবং নেভিগেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাফাহ্? উদ্দিন সিরাজী। তাহরিনা নাসরিন বিরামহীন ৩ ঘন্টা ৯মিনিট ৫৮ সেকেন্ড সাঁতার কেটে দুপুর ১২টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ডে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেন। এসময় উপস্থিত পর্যটক ও স্থানীয়রা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, বাংলা চ্যানেল সাঁতারে এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল সাইফুল ইসলাম রাসেলের ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ড। মেয়েদের মধ্যে নতুন রেকর্ড করলেন তাহরিনা। এর আগে মেয়েদের রেকর্ডটি ছিল ভারতের রিতু কেডিয়ার। তিনি বাংলা চ্যানেল পাড়ি দিতে সময় নিয়েছিলেন ৩ ঘণ্টা ৪০ মিনিট। এর আগে তাহরিনা নাসরিন প্রথম মুসলিম নারী হিসেবে ২০১৫ এর ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা ৩৮ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা যে কোন ভারতীয় সাঁতারুদের মধ্যে দ্রুততম। তিনি প্রথম ভারতীয় বাঙালি নারী সাঁতারু হিসেবে বাংলা চ্যনেলে এই রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বাস ব্যক্ত করেন। ২৪ বছর বয়সী তাহরিনা প্রথম নারী সাঁতারু হিসাবে বাংলা চ্যানেল ডাবল ক্রস করার ইচ্ছাও ব্যক্ত করেন।