সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া মন্ত্রী সভায় অনুমোদন হওয়াসহ আইনের অস্পষ্টতা থাকার অভিযোগে টাঙ্গাইল তারাকান্দি সড়কসহ জেলার কয়েকটি আঞ্চলিক সড়কে পরিবহন ধর্মঘট চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার অধিকাংশ যানচলাচল বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান লালজু বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পরিবহন শ্রমিকদের ব্যক্তি উদ্যোগে জেলার ৮০ শতাংশ যানচলাচল বন্ধ রয়েছে। এর সঙ্গে শ্রমিক ইউনিয়নের কোন সমর্থন নেই। পরিবহন শ্রমিকরা নিজেরাই এ ধর্মঘট করেছে।'
আইনের কয়েকটি ধারায় অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'যারা দীর্ঘ দিন যাবত এ সেক্টরে কর্মরত আছে তাদের অনেকেই পড়া-লেখা জানে না। নতুন আইন অনুযায়ী অষ্টম শ্রেণি পাশ না হলে তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। লাইসেন্স প্রদানের বিষয়টি সহ বেশ কয়েকটি ধারা নিয়ে পরিবহন শ্রমিকদের মাঝে ভীতি ও আতঙ্কের সৃষ্টি হওয়ায় তারা যানবাহন পরিচালনা বন্ধ করে দিয়েছে।'
এদিকে হঠাৎ করে জেলার আন্ত:উপজেলা ও রাজধানী ঢাকাসহ সারাদেশের সঙ্গে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা।
