রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগঞ্জে দরিদ্রদের নামে বরাদ্দ ভিজিডি কর্মসূচির ২৪০ কেজি চাল আত্মসাতের ঘটনায় নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোমবার রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান বলেন, দরিদ্রদের চাল আত্মসাতের বিষয়টি জানার পর দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কাজ করায় কমিটি বাতিল করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে চাল আত্মসাতের সত্যতা পাওয়া যায়নি। নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ থাকায় কমিটি বাতিল করা হয়েছে।
