নকল ইলেকট্রনিক্স পণ্য তৈরির সন্ধান, আটক ৫

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:৪২
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এক বাসায় নকল ইলেকট্রনিক্স পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ নকল পণ্যও জব্দ করা হয়েছে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে আ. রহিমের বাসায় নকল এলজি, স্যামসংসহ বিভিন্ন কোম্পানির স্টেবুলাইজার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার কর্মচারী মোশারফ হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেন (২৮), খাইরুল ইসলাম (২২), শিউলী আকতার ও নুরুন্নাহারকে (৩০) আটক করেছে পুলিশ।
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'আটককৃত পাঁচ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।'