৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:১৬

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে গতকাল সোমবার বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকরা সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

রাজশাহী:বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে মহাসড়কে লাঠি মিছিল করেছে রাজশাহী পাটকল শ্রমিকরা। সোমবার বেলা ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালী এলাকায় জড়ো হয়ে শ্রমিকরা লাঠি মিছিল করে। এ সময় তারা পাটকলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় সোমবার বিকালের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে মঙ্গলবার থেকে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটের আল্টিমেটামও দেয় শ্রমিকরা। আধাঘণ্টাব্যাপী বিক্ষোভে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশি পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজশাহী পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান বলেন, গত জানুয়ারি থেকে তাদের বেতন ও ভাতা বন্ধ রয়েছে। বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়ন ও উত্সব ভাতা প্রদানসহ ৯ দফা দাবিতে গত রবিবার থেকে তারা আন্দোলন শুরু করেছেন।

খুলনা:রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের মজুরি কমিশন নিয়ে বিজেএমসির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় দ্বিতীয় ধাপে চার দিনের কর্মসূচির প্রথম দিন খুলনায় লাঠিতে লাল পতাকা বেঁধে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মজুরি কমিশন বাস্তবায়ন, পাটখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ, বদলি শ্রমিকদের স্থায়ীকরণসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ পরিষদের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।

লাঠি মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে পাটকল শ্রমিক লীগ সিবিএ-ননসিবিএ পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, পরিষদের নেতা মুরাদ হোসেন, সোহরাব হোসেন, কওছার আলী মৃধা, শাহানা শারমিন, জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক ও ক্রিসেন্ট জুট মিলের সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, মজুরি কমিশন বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এছাড়া ৬/৮ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় শ্রমিকরা পরিবারের সদস্যদের নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। ফলে আমাদের বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে।

পলাশ (নরসিংদী):পাটকল শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়ন, শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও পাট ক্রয়ের টাকাসহ ৯ দফা দাবিতে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন পলাশ শিল্প এলাকায় ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা আজ সোমবার সকাল ১০টায় রাজপথে লাল পতাকা বিক্ষোভ মিছিল করেছেন। মিলের উত্পাদন বন্ধ করে প্রায় ৩ হাজার শ্রমিক ঘোড়াশাল পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিলের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে মিলের সিবিএ সভাপতি ইউসুফ মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, হারুন অর রশিদ প্রমুখ।