নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন মন্তব্য করে সুনামগঞ্জ ও কুমিল্লার নির্বাচন প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- 'এ নির্বাচনে জনগণের দেয়া রায় আওয়ামী লীগ মেনে নেবে। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা ট্রেন মিস করবে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিকভাবে তাদের দল অস্তিত্বের সংকটে পড়বে।'
'নির্বাচনে বিজয়ী হলে ভোট সুষ্ঠু হয়েছে, হারলে কারচুপি হয়েছে' এমন মানসিকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনী মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, '২০১৪ সালে নির্বাচনে মিস করেছেন। শেষ সুযোগ হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে। জনগণের রায় মেনে নেবো।' উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারো জনগণ ভোট দেবে বলেও নাসিম মন্তব্য করেছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুরে এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেছেন।
কাজীপুর বিআরডিবি অফিস চত্বরে অনুষ্ঠিত এ সমবায়ী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মো. শামসুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা,পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল প্রমুখ।
সমবায়ীদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দারিদ্র বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামাজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।'
