নামের মৃতদেহ উ. কোরিয়ার কাছে হস্তান্তর করবে মালয়েশিয়া

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:১৩
কুয়ালালামপুর বিমানবন্দরে হত্যাকাণ্ডের শিকার হওয়া উ. কোরীয় নেতার সৎভাই কিম জং নামের মৃতদেহ উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করবে মালয়েশিয়া। উ. কোরিয়ায় আটকে থাকা নয় মালয়েশীয়র বিষয়ে পিয়ংইয়ংয়ের দর কষাকষির পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক।
 
গত ১৩ ফেব্রুয়ারি বিষাক্ত রাসায়নিক ভিএক্স প্রয়োগ করে নামকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে কিম জং উনের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের জের ধরে মালয়েশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। নাজিব রাজ্জাক বলেন, উ. কোরিয়ায় আটকে থাকা নয় মালয়েশীয়কে দেশত্যাগের অনুমোদন দেয়া হয়েছে। মালয়েশিয়ায় আটকে থাকা উ. কোরীয়দেরও দেশত্যাগের অনুমতি দেয়া হয়েছে। তিনি বলেন, তাদের মুক্তির ব্যবস্থা করতে আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে।
 
মালয়েশিয়া কখনো সরাসরি নামের হত্যাকাণ্ডের জন্য উ. কোরিয়াকে দায়ী করেনি। মালয়েশীয় তদন্তকারীরা দাবি করেন, নাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজন মালয়েশিয়া উ. কোরিয়া দূতাবাসে লুকিয়ে আছে। এটা জানা যায়নি ‘পলাতক’ এসব উ. কোরীয়কেও দেশত্যাগের অনুমতি দেয়া হয়েছে কী না।
 
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার ন্যায়বিচার ও গণতন্ত্রের মূলনীতিতে বিশ্বাস করে। মালয়েশিয়ার মাটিতে সংঘটিত গুরুতর অপরাধটির তদন্ত পুলিশ অব্যাহত রাখবে। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে আমি নির্দেশ দিয়েছি। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির