রিমান্ডের চারদিনের মাথায় গাইবান্ধার পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটির হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য জঙ্গি রাজীব গান্ধীকে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জয়নাল আবেদীনের আদালতে আনা হয়।
সেখানে রাজীব গান্ধী বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) আবু আহম্মেদ আবদুল্লাহ। এর আগে গত ২৭ মার্চ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেয় গাইবান্ধার সিআইডি পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে গাইবান্ধা সিআইডি পুলিশের ওসি সাইদুল আলম বলেন, 'গাইবান্ধা সদর উপজেলার টেংগরজানি গ্রামের পল্লী চিকিৎসক মাহবুবুর রহমান ডিপটি ২০১৫ সালের ২জুন বিকেলে জেলার পলাশবাড়ীর মনোহরপুর ঈদগাহ মাঠ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়। ওইদিনই পলাশবাড়ী থানায় হত্যা মামলা হয়। পরবর্তীতে এই মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই মামলায় রাজীব গান্ধীকে ২৭মার্চ বিকেলে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।'
